সাতক্ষীরায় জ্বর ও শ্বাস কষ্টসহ করোনার উপসর্গ নিয়ে কলেজ শিক্ষক ও নৈশ প্রহরী দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে তালা উপজেলার পাটকেলঘাটা পশ্চিম পাড়ায় আব্দুর রহিম নামের এক নৈশ প্রহরী ও আশাশুনির কাকবাশিয়া গ্রামের রেজাউল করিম নামের এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়।
তাদের উভয়ের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরের কাছে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগের দায়িত্বরত কর্মকর্তা ডা. জয়ন্ত বাবু। এদিকে জেলায় করোনা উপসর্গ নিয়ে একদিনে দুই জনের মৃত্যুর ঘটনায় জেলা ব্যাপী আতংক দেখা দিয়েছে।
মৃত নৈশ প্রহরী আব্দুর রহিম তালা উপজেলার পাটকেলঘাটা পশ্চিম পাড়ার ওমর আলী গাজীর ছেলে ও কলেজ শিক্ষক রেজাউল করিম আশাশুনির কাকবাশিয়া গ্রামের মৃত ফজর আলী গাজীর ছেলে।
সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, করোনা ভাইরাস পরীক্ষার জন্য তাদের দু জনেরই নমুনা সংগ্রহ করে আইইডিসিআরের কাছে পাঠানোর প্রস্তুতি চলছে।
আশাশুনি উপজেলার নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান, স্বাস্থ্যকর্মীদের নির্দেশনা ও ইসলামিক ফাউন্ডেশনের তত্বাবধানে জানাযা শেষে কলেজ শিক্ষক রেজাউল করিমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি আরো জানান, ওই কলেজ শিক্ষকের বাড়িটি বর্তমানে লকডাউন ঘোষণা করা হয়েছে।
তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন জানান, আপাতত ওই নৈশ প্রহরীর বাড়ির সবাই হোম কোয়ারেন্টাইনে থাকবে। স্বাস্থ্য বিভাগের পরামর্শে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এম জিললুর রহমান
The post আশাশুনি ও পাটকেলঘাটায় করোনার উপসর্গ নিয়ে কলেজ শিক্ষক ও নৈশ প্রহরীর মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2RUQkJ8
No comments:
Post a Comment