সাতক্ষীরার রাজনীতির অভিভাবক সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার মৃত্যু সাতক্ষীরা জেলার রাজনীতির জন্য একটি বড় দুঃসংবাদ বয়ে এনেছে।
সাতক্ষীরা জেলা যখন চরম রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে স্থিতিশীল একটি পরিবেশ সৃষ্টি করে উন্নয়নের প্রেক্ষাপট সৃষ্টি করেছে ঠিক সেই সময় তিনি চলে গেলেন সবাইকে ছেড়ে। তার মৃত্যু সাতক্ষীরার রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি রইল আমাদের গভীর সমবেদনা।
মুনসুর আহমেদ ১৯৪৮ সালে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়ায় জন্মগ্রহণ করেন। স্থানীয় প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষে সাতক্ষীরা পিএন হাইস্কুল থেকে তিনি এসএসসি পাশ করেন এবং খুলনা কমার্স কলেজ থেকে তিনি ¯œাতক পাশ করেন। ছাত্র জীবন থেকেই তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হিসেবে বিভিন্ন আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে সাতক্ষীরার গণমানুষের অধিকার ও উন্নয়নে তার অবদান অপরিসীম। তিনি ছিলেন সাতক্ষীরার রাজনৈতিক অঙ্গনের অভিভাবক। তিনি দীর্ঘদিন পারুলিয়া ইউপির চেয়ারম্যান ছিলেন। এরপর তৎকালীন সাতক্ষীরা-০৪ (দেবহাটা-কালিগঞ্জ) আসনে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি সাতক্ষীরার স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, ক্লাবসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও সংস্কারে ব্যাপক ভূমিকা রেখেছেন। ব্যবসা-বাণিজ্যের প্রসারে তিনি ভূমিকা রেথেছেন। জীবনটা কাটিয়েছেন তিনি জনসেবায়।
১৯৮০ থেকে ১৯৯৮ পর্যন্ত টানা ১৯ বছর জেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন তিনি। এরপর ২০১৫ সালে জেলা আওয়ামী লীগের সভাপতি হন তিনি। এরপর চলতি বছর গত ৮ জানুয়ারি নবীন-প্রবীনদের সমন্বয়ে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন দিয়েছেন দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরআগে ২০১৯ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিলে পুনরায় মুনসুর আহমেদকে সভাপতি নির্বাচিত করা হয়।
তিনি জেলার সর্ববৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ নেতার আসনে থেকে সকলের সাথেই সুসম্পর্ক বজায় রাখতে পেরেছিলেন। এটা তার চরিত্রের একটা বিশেষ গুন। সাতক্ষীরা জেলার রাজনীতিতে তিনি যে অসামান্য অবদান রেখে গেছেন, সেজন্য তিনি আজীবন স্মরণীয় হয়ে থাকবেন। আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
The post সম্পাদকীয়: মুনসুর আহমেদের মৃত্যু: আমরা গভীরভাবে শোকাহত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3tl6QD5
No comments:
Post a Comment