Tuesday, November 23, 2021

মাদক মামলার আসামীর সাজা স্থগীত করে শর্ত সাপেক্ষে প্রবেশনে মুক্তি https://ift.tt/eA8V8J

 

বদিউজ্জামান: সাতক্ষীরার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার মাদক মামলার এক আসামীর ৬ মাসের সাজা স্থগীত করে শর্ত সাপেক্ষে প্রবেশনে মুক্তির আদেশ দিয়েছেন। মুক্তিপ্রাপ্ত ওই আসামী কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালি গ্রামের মৃত আব্দুস সামাদ এর ছেলে মোশারাফ হোসেন (৩০)। মঙ্গলবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে ওই রায় ঘোষণা করা হয়।

আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য গাঁজা (৫০ গ্রাম) নিজ দখলে রাখার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয় মোশারাফ হোসেন। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় সাক্ষী-প্রমান শেষে অপরাধ প্রমানিত হওয়ায় বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার আসামী মোশারাফ হোসেনকে ৬ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন। তবে, উক্ত অপরাধ আসামীর জীবনের প্রথম অপরাধ এবং তার মা, স্ত্রী ও কন্যা সন্তানের কথা বিবেচনা করে তাকে দাগী আসামীদের সাথে জেল হাজতে না রেখে নিজ বাড়িতে পারিবারিক পরিবেশে থেকে সংশোধন হওয়ার সুযোগ করে দেন বিচারক ইয়াসমিন নাহার। ফলে স্থগীত করা হয় ৬ মাসের সাজা। দেয়া হয় বেশ কিছু শর্ত। সেসব শর্তের মধ্যে অন্যতম শর্ত হচ্ছে, মাকে দেখাশুনা করা, মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা এবং বাল্য বিবাহ না দেয়া, মানুষের মাঝে মাদক বিরোধী প্রচারণা চালানো এবং নিজ এলাকায় রাস্তার পাশে কমপক্ষে ২০টি তাল গাছের চারা রোপন করা। এসব শর্ত ভঙ্গ করলে স্থগীত হওয়া সাজা আবারো ভোগ করতে হবে বলেও রায়ে উল্লেখ করা হয়। তবে শর্তগুলো যথাযথ ভাবে আসামী পালন করছে কিনা সে ব্যাপারে দেখভাল করার জন্য জেলা সমাজ সেবা অফিসের প্রবেশন অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে অগ্রগতির বিষয়ে ৩ মাস অন্তর আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রবেশন অফিসারের দেয়া প্রতিবেদন আদালতের নিকট সন্তোষজনক হলে আসামী মোশারাফ হোসেনকে স্থায়ীভাবে মুক্তি দেওয়া হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে সাতক্ষীরা জজ কোর্টের পিপি এড. আব্দুল লতিফ জানান, যদি কোন ব্যক্তি নিজের অজান্তে সঙ্গোদোষে কোন অপরাধে জড়িয়ে পড়ে, আর সেটি যদি তার জীবনের প্রথম অপরাধ হয় এবং সে যদি তার অপরাধ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে প্রবেশন আইনে তার সাজা স্থগীত করে সংশোধন হওয়ার সুযোগ দেওয়া যেতে পারে। তিনি আরও বলেন, সম্প্রতি সাতক্ষীরার বিভিন্ন আদালতে বেশ কয়েকটি মামলায় প্রবেশন আইনের অধীনে আসামীর সাজা স্থগীত করে শর্ত সাপেক্ষে পারিবারিক পরিবেশে থেকে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে, যা সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে।

The post মাদক মামলার আসামীর সাজা স্থগীত করে শর্ত সাপেক্ষে প্রবেশনে মুক্তি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3HJPZ4h

No comments:

Post a Comment