শ্যামনগর প্রতিনিধি: কদবেল খাওয়ানোর প্রলোভনে ফুঁসলিয়ে নিয়ে সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণ করেছে আল আমিন (৩৬) নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে শ্যামনগর উপজেলার গাবুরার ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামে। আশঙ্কাজনক অবস্থায় ওই রাতেই শিশুটিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় ভুক্তোভোগী শিশুর দাদি বাদি হয়ে আল আমিন ও তার পিতা একই গ্রামের মঈন উদ্দীনের বিরুদ্ধে মঙ্গলবার শ্যামনগর থানায় মামলা করেছে। একাধিক বিয়ে করা ওই যুবক ঘটনার পর থেকে আত্মগোপন করেছে।
পাশবিক নির্যাতনের শিকার শিশুর দাদি জানান, ঘটনার আগে তার সাড়ে তিন বছরের নাতি বাড়ির সামনে বাঁধের উপর খেলছিল। এসময় আল আমিন তাকে কদবেল দেওয়ার লোভ দেখিয়ে পাশের মসজিদের টয়লেটের মধ্যে নিয়ে যায়।
তিনি আরও জানান, ঘটনার পর শিশুটি বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়ে। এসময় জিজ্ঞাসাবাদে সে পুরো ঘটনা খুলে বলে। এক পর্যায়ে তার অবস্থার অবনতি হলে দ্রুত স্থানীয়দের সহযোগিতায় তাকে শ্যামনগর হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, এলাকার চিহ্নিত মাদক সেবী আল আমিন সুন্দরবনে মাছ ও কাঁকড়া শিকারের সাথে জড়িত। ইতোপূর্বে নানা অপকর্ম করেও সে ধরা ছোঁয়ার বাইরে থেকে গেছে। তার অপকর্মের বিষয়ে পরিবারের সদস্যদের অবহিত করা সত্ত্বেও কখনও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: বিপ্লব কুমার দে জানান শিশুটির শারীরিক অবস্থা ক্রমেই উন্নতি হচ্ছে। তবে সে এখনও প্রচন্ড আতঙ্কের মধ্যে রয়েছে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, মঙ্গলবার মামলা দায়েরের পর থেকে অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
The post কদবেল খাওয়ানোর প্রলোভন দিয়ে শিশুকে ধর্ষণ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3l31Rog
No comments:
Post a Comment